বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

তরুণরা অসীম সম্ভাবনাময় তারা পুরো বিশ্বকে বদলে দিতে পারে: ড. ইউনূস

প্রকাশিত হয়েছে- শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, তরুণরা অসীম সম্ভাবনাময় এবং তারা পুরো বিশ্বকে বদলে দিতে পারে।

শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে ৯ম সোশ্যাল বিজনেস ইয়ুথ সামিটে তিনি এ কথা বলেন। সামিটে ২৫টি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছে।

তরুণদের উদ্দেশে ড. ইউনূস বলেন, তরুণরা কেবল কয়েক বছরের মধ্যে পুরো বিশ্বকে বদলে দিতে পারে। এই কক্ষে যারা বসে আছেন, তাদের দিয়েই এটি সম্ভব। এটি খুব সহজ একটি কাজ।

প্রধান উপদেষ্টা বলেন, হাজার মাইলের যাত্রা শুরু হয় প্রথম ধাপ দিয়ে কিন্তু আসল প্রশ্ন হলো দ্বিতীয় ধাপে কীভাবে আরও উন্নতি করা যায়। জুলাই বিপ্লবের সময় ছাত্র-জনতার আত্মত্যাগের কথা উল্লেখ করে ড. ইউনূস বলেন, একটি ফ্যাসিবাদী শাসনকে উৎখাত করতে এক হাজারেরও বেশি তরুণ তাদের জীবন উৎসর্গ করেছে, আর আহতদের অনেকের হাত-পা হারিয়েছে, শুধুমাত্র একটি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে-তাদের এই আত্মত্যাগ।

জুলাই বিপ্লবের ঐতিহাসিক আন্দোলন আখ্যা দিয়ে ড. ইউনুস বলেন, আজ পুরো দেশই এক ধরনের জাদুঘরে পরিণত হয়েছে এবং জাতি তরুণদের স্বপ্ন বাস্তবায়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

তরুণদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে তিনি বিশ্বের ২৫টি দেশ থেকে আসা প্রতিনিধিদের স্বাগত জানান।