বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

তদবিরের সংস্কৃতি কমিয়ে মেধাভিত্তিক সুযোগের ওপর জোর দিতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৪ মার্চ, ২০২৬

তদবিরের সংস্কৃতি থেকে বেরিয়ে এসে সব ক্ষেত্রে মেধা ও যোগ্যতার ভিত্তিতে সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়ার কথা বলেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ব্যক্তিগত সুপারিশের চেয়ে যোগ্যতা ও দক্ষতাকে প্রাধান্য দিলে দেশের সামগ্রিক উন্নয়ন আরও গতিশীল হবে।

শুক্রবার (১৩ মার্চ) বিকেলে রাজধানীর ফার্মগেটে অবস্থিত কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে ঠাকুরগাঁও জেলা সমিতির আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বর্তমানে অনেক তরুণ শুধু চাকরির পেছনে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু বাস্তবতা হলো সবাইকে সরকারি বা বেসরকারি চাকরি দেওয়া সম্ভব নয়। তাই তরুণদের আত্মকর্মসংস্থানমুখী হতে হবে। বিনিয়োগ, ছোট ছোট উদ্যোগ এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরির মাধ্যমে নিজেদের অবস্থান শক্ত করতে হবে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, সকাল থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন ধরনের তদবির নিয়ে মানুষের আসা-যাওয়া লেগেই থাকে। বিশেষ করে পোস্টিং বা বদলি সংক্রান্ত বিষয়গুলোতেই বেশি তদবির করা হয়। প্রয়োজনীয় কিছু বিষয় থাকলেও এগুলোকে যদি প্রধান গুরুত্ব দেওয়া হয়, তাহলে প্রশাসনিক ব্যবস্থায় ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা থাকে।

নিজ জেলা ঠাকুরগাঁও জেলা-এর উন্নয়নের প্রসঙ্গ তুলে তিনি বলেন, সেখানে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, চার লেনের সড়ক নির্মাণসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন এবং মানুষের জীবনমান উন্নয়নে নেওয়া প্রতিশ্রুতিগুলো ধাপে ধাপে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

এ সময় তিনি বিভিন্ন সংগঠন ও সমিতির নামে বিভক্তি তৈরি না করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলা সমিতির সদস্যদের পাশাপাশি বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।