আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে প্রতিদ্বন্দ্বিতার স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন আলোচিত মডেল ও সাবেক মিস আর্থ বাংলাদেশ মেঘনা আলম। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই আসনের দুই পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব— বিএনপি নেতা মির্জা আব্বাস ও গণঅধিকার পরিষদের নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীকে উদ্দেশ করে মন্তব্য করেছেন, যা রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি করেছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে মেঘনা আলম লেখেন,
“মির্জা আব্বাস আমার সিনিয়র, সম্মান জানিয়ে বলবো নতুনদের জায়গা ছেড়ে দেন, বিশ্রাম নেন। নাসীরুদ্দীন পাটওয়ারী আমার জুনিয়র, আদরের সঙ্গে বলবো, আরও শেখো!”
স্ট্যাটাসের শেষাংশে তিনি আরও লেখেন,
“ঢাকা ৮-এ সময় এখন মেঘনা আলমের।”
এই বক্তব্যকে ঢাকা-৮ আসনে তার নির্বাচনী প্রস্তুতির প্রকাশ্য ঘোষণা হিসেবেই দেখছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। বিশেষ করে তরুণ ও নতুন নেতৃত্বের প্রতিনিধিত্বের বার্তা দিতেই এমন বক্তব্য দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
এর আগে গত ২৮ ডিসেম্বর মেঘনা আলম গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলটির প্রাথমিক সদস্য ফরম পূরণ করেন। একই দিন তিনি দলটির পক্ষ থেকে ঢাকা-৮ আসনের জন্য মনোনয়ন ফরমও সংগ্রহ করেন। এতে তার নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি আরও স্পষ্ট হয়।
উল্লেখ্য, ঢাকা-৮ আসনটি বরাবরই আলোচিত ও গুরুত্বপূর্ণ একটি সংসদীয় আসন। এই আসনে অভিজ্ঞ ও পরিচিত রাজনৈতিক নেতাদের পাশাপাশি নতুন মুখের আগমন ভোটের সমীকরণে নতুন মাত্রা যোগ করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মেঘনা আলমের সাম্প্রতিক বক্তব্য সেই সম্ভাবনাকেই আরও জোরালো করেছে।