বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ঢাকা-১২ এ ভোট পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট মিলন, বাড়বে উপস্থিতির আশা

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬

ঢাকা-১২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী সাইফুল আলম খান মিলন বলেছেন, এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ সুষ্ঠু ও শান্তিপূর্ণ রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি আরও বাড়বে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে তেজগাঁও বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে এসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। মিলন বলেন, “এখন পর্যন্ত যা দেখলাম, তাতে মনে হয়েছে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে হচ্ছে। আশা করছি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়বে।”

এর আগে তিনি তেজগাঁও বটমলী কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. হেলাল উদ্দিন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১২ আসনে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনে বিএনপি সমর্থিত প্রার্থী সাইফুল হক এবং ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে জামায়াত মনোনীত সাইফুল আলম খান মিলন (দাঁড়িপাল্লা প্রতীক) লড়ছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব ফুটবল প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়েছেন। আরও কয়েকটি রাজনৈতিক দলের প্রার্থীরাও এ আসনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঢাকা-১২ আসনে মোট ভোটার সংখ্যা প্রায় ৩ লাখ ৩৩ হাজার। পুরুষ ও নারী ভোটার মিলিয়ে এ আসনটি রাজধানীর গুরুত্বপূর্ণ নির্বাচনী এলাকাগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে।

ভোটগ্রহণ শুরুর পর থেকে কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি দেখা গেছে। এখন পর্যন্ত বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। দিন বাড়ার সঙ্গে সঙ্গে ভোটের হার কী অবস্থায় দাঁড়ায়, সেদিকে নজর রয়েছে প্রার্থী ও সংশ্লিষ্টদের।