বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ঢাকা-১২ আসনে সাইফুল হক: কালো টাকা, চাঁদাবাজ ও ধর্ম ব্যবসায়ীদের জনগণ রুখে দেবে

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬

ঢাকা-১২ আসনে নির্বাচনী প্রচারণা জোরদার করেছেন বিএনপি সমর্থিত এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টি মনোনীত প্রার্থী সাইফুল হক। সোমবার (২৭ জানুয়ারি) সকালে তেজগাঁও থানার ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ডে নির্বাচনী অফিস উদ্বোধনকালে তিনি কালো টাকা, চাঁদাবাজি, সন্ত্রাস ও ধর্ম ব্যবসার বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দেন।

সাইফুল হক বলেন, “ঢাকা-১২ আসনে কোনো চাঁদাবাজ, সন্ত্রাসী, দুর্নীতিবাজ বা দখলবাজের ঠাঁই হবে না। জনগণের ভোটে নির্বাচিত হলে এই আসনকে সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত একটি আদর্শ নির্বাচনী এলাকায় রূপান্তর করব।”

তিনি নির্বাচন কমিশনের প্রতি সতর্ক করে বলেন, “কালো টাকার ছড়াছড়ি, ভয়ভীতি প্রদর্শন ও অবৈধ প্রভাব খাটানো বন্ধ করতে দ্রুত ব্যবস্থা নিন, না হলে জনগণকে সঙ্গে নিয়ে গণপ্রতিরোধ গড়ে তোলা হবে। ভোট হতে হবে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ।”

সাইফুল হক আরও বলেন, “গত ১৭ বছরের জমে থাকা অন্যায়-অবিচার দূর করতে কোদাল প্রতীক আমাদের হাতিয়ার। কোদাল দিয়ে অন্যায়ের মাটি খুঁড়ে ফেলতে হবে। প্রত্যেক ভোটারকে দূত বা অ্যাম্বাসেডর হয়ে কোদাল মার্কার বার্তা পৌঁছে দিতে হবে।”

তিনি ভোটারদের উদ্দেশে বলেন, “জনগণের অধিকার প্রতিষ্ঠা, কর্মসংস্থান সৃষ্টি, চাঁদাবাজি-দখলবাজি বন্ধ, নিরাপদ বসবাস ও নাগরিক সেবার মানোন্নয়নই আমার নির্বাচনী অঙ্গীকার।”

উদ্বোধনী অনুষ্ঠানে তেজগাঁও থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ইঞ্জিনিয়ার মিরাজ হায়দার আরজু সভাপতিত্বে উপস্থিত ছিলেন আকবার খান, আলহাজ এল রহমান, মহিলা দলের নেত্রী রোকেয়া সুলতানা তামান্না, হাফিজুর রহমান কবির, আব্দুল হাই, অ্যাডভোকেট দুলালসহ ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।