ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চারজন আহত হয়েছেন। বুধবার (২৮ মে) সকাল ৬টার দিকে বেজগাঁও ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর কিছু সময় ওই এলাকায় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
আহতরা হলেন পাবনা সদর উপজেলার কাইয়ুম (২৫), কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সুজন (২৮), ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হৃদয় ভূঁইয়া (১৮) এবং ফরিদপুরের আরেক বাসিন্দা বাইজিদ শেখ (১৩)। দুর্ঘটনার পর স্থানীয়দের সহযোগিতা ও ফায়ার সার্ভিসের সদস্যদের তৎপরতায় আহতদের দ্রুত উদ্ধার করা হয়।
পরে আহত চারজনকে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে চিকিৎসার জন্য শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ পাঠানো হয়।
ঘটনা সম্পর্কে সফিকুল ইসলাম জানান, ঢাকা থেকে মাওয়ার দিকে যাওয়ার পথে একটি মোটরসাইকেল অপর একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। এতে দুই মোটরসাইকেলে থাকা চার আরোহী আহত হন।
তিনি আরও জানান, দুর্ঘটনার কারণে সাময়িকভাবে ওই এলাকায় যান চলাচলে সমস্যা দেখা দিলেও পরিস্থিতি স্বাভাবিক রাখতে ছনবাড়ী আন্ডারপাসকে বিকল্প সড়ক হিসেবে ব্যবহার করা হয়।
ঈদকে সামনে রেখে এক্সপ্রেসওয়েতে যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে। সংশ্লিষ্টরা চালকদের সতর্কভাবে গাড়ি চালানো এবং ট্রাফিক নির্দেশনা মেনে চলার পরামর্শ দিয়েছেন।