বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ঢাকা মহানগরীতে সিএনজিচালিত অটোরিকশা চলাচলের অনুমতির দাবি, জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ

প্রকাশিত হয়েছে- রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

ঢাকা জেলায় নিবন্ধিত সিএনজিচালিত অটোরিকশা মহানগরীতেও চলাচলের অনুমতি দেওয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ‘সিএনজি অটোরিকশা মালিক শ্রমিক ঐক্যজোট’।

রোববার (১২ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এ সমাবেশে অংশগ্রহণকারীরা দ্রুত নীতিগত সিদ্ধান্তের দাবি জানান।

বক্তারা বলেন, বর্তমানে ঢাকা জেলার ‘ঢাকা-থ’ সিরিয়ালের সিএনজি অটোরিকশাগুলোকে ঢাকা মহানগর এলাকায় চলাচলের অনুমতি দেওয়া হয় না। ফলে এসব যান শুধু জেলার নির্দিষ্ট কিছু এলাকায় সীমাবদ্ধ থাকে।

তাদের দাবি, দীর্ঘদিন ধরে প্রায় ৩ হাজার গাড়ির মালিক ও শ্রমিক এ বিষয়ে আন্দোলন করে আসছেন। তারা জানান, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) বিভিন্ন পর্যায়ে পরীক্ষা-নিরীক্ষা শেষে চলাচলের অনুমতির সুপারিশ মন্ত্রণালয়ে পাঠালেও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

বক্তারা আরও বলেন, সম্প্রতি একটি আন্তঃমন্ত্রণালয় সভা হলেও বিষয়টি পুনরায় তদন্তে পাঠানো হয়েছে, যা তারা সময়ক্ষেপণ হিসেবে দেখছেন। এ অবস্থায় তারা সরকারের উচ্চপর্যায়ের হস্তক্ষেপ কামনা করেন।

সমাবেশে নেতারা দ্রুত সিদ্ধান্ত নিয়ে ঢাকা মহানগরীতে ঢাকা-থ সিরিয়ালের সিএনজি অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়ার আহ্বান জানান এবং নতুন করে তদন্তের নামে অনিশ্চয়তা না তৈরির অনুরোধ করেন।

বিক্ষোভে সংগঠনের আহ্বায়ক মো. রফিক, সদস্য সচিব আলমগীর হোসেন, যুগ্ম আহ্বায়ক মো. জুয়েল, আল মামুনসহ অনেকে উপস্থিত ছিলেন।