বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে হানিফ পরিবহনের বাস খাদে, আহত ১৭

প্রকাশিত হয়েছে- শনিবার, ৩০ মে, ২০২৬

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খাদে পড়ে গেছে। এ ঘটনায় অন্তত ১৭ জন যাত্রী আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

শনিবার (৩০ মে) সকাল ১০টার দিকে উপজেলার ধলাটাঙ্গর এলাকার ৫ নম্বর ব্রিজ সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

এলেঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতাউর রহমান খান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের বাসটি উত্তরবঙ্গের উদ্দেশে যাচ্ছিল। পথিমধ্যে ধলাটাঙ্গর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে বাসটি মহাসড়কের পাশের খাদে পড়ে যায়।

দুর্ঘটনার পর বাসে থাকা অন্তত ১৭ জন যাত্রী আহত হন। খবর পেয়ে এলেঙ্গা ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান এবং আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠান।

এ ঘটনায় মহাসড়কে সাময়িকভাবে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।