ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা বিভাগের ১৩টি সংসদীয় আসনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে ৮ জন প্রার্থী সরে দাঁড়িয়েছেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল ৪টা পর্যন্ত প্রাপ্ত তথ্যে এ সংখ্যা নিশ্চিত করেছে ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়।
প্রার্থিতা প্রত্যাহারকারী প্রার্থীদের মধ্যে রয়েছে খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি এবং গণসংহতি আন্দোলন—এই পাঁচটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা।
আসনভিত্তিক প্রত্যাহারকারীরা হলেন:
-
ঢাকা-১০: খেলাফত মজলিসের প্রার্থী আহমদ আলী
-
ঢাকা-১৮: গণসংহতি আন্দোলনের প্রার্থী বিলকিস নাসিমা রহমান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মুহম্মদ আশরাফুল হক
-
ঢাকা-১৬: বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী আহসানউল্লাহ এবং খেলাফত মজলিসের প্রার্থী মো. রিফাত হোসেন মালিক
-
ঢাকা-১৭: খেলাফত মজলিসের প্রার্থী মো. এমদাদুল হক
-
ঢাকা-৫: বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির প্রার্থী মোখলেছুর রহমান কাছেমী
-
ঢাকা-৯: খেলাফত মজলিসের প্রার্থী মো. ফয়েজ বখ্স সরকার
নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নির্ধারিত সময়সীমার মধ্যেই সব প্রত্যাহার আবেদন গ্রহণ করা হয়েছে এবং সংশ্লিষ্ট আসনগুলোর প্রার্থীতালিকা হালনাগাদ করা হচ্ছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রার্থিতা প্রত্যাহারের এই ধারা আসনভিত্তিক সমঝোতা, জোটগত হিসাব এবং নির্বাচনী কৌশলের স্পষ্ট ইঙ্গিত বহন করছে। বিশেষ করে ঢাকা মহানগরের কয়েকটি আসনে ইসলামী দলগুলোর মধ্যে সমন্বয় বা কৌশলগত সরে দাঁড়ানো ভোটের ফলাফলে প্রভাব ফেলতে পারে।
নির্বাচন কমিশনের সময়সূচি অনুযায়ী, ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের মাধ্যমে ঢাকার ১৩টি আসনে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু হবে।
প্রসঙ্গত, এই ১৩টি আসনে শুরুতে ২৫৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন, যার মধ্যে ১৭৪ জন মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে ১১৯টি মনোনয়নপত্র বৈধ, ৫৪টি বাতিল এবং ঢাকা-১৮ আসনের একটি মনোনয়ন সাময়িকভাবে স্থগিত করা হলেও পরবর্তীতে সেটি বৈধ ঘোষণা করা হয়।
আসনভিত্তিক হিসেবে ঢাকা-১৭ আসনে সর্বাধিক ৩৪ জন এবং ঢাকা-১২ আসনে ২৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। যাচাই-বাছাইয়ে ঢাকা-১৮, ঢাকা-১২ ও ঢাকা-১৭ আসনে তুলনামূলক বেশি মনোনয়ন বাতিল হয়।