বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ঢাকায় এআই ক্যামেরায় ট্রাফিক আইন ভাঙলেই হবে অটো মামলা

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

ঢাকা মহানগরের সড়কে ট্রাফিক আইন লঙ্ঘন এখন থেকে স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করে মামলা দেবে এআই-সক্ষম সিসি ক্যামেরা। বৃহস্পতিবার (৭ মে) থেকে আনুষ্ঠানিকভাবে এই ডিজিটাল ট্রাফিক ব্যবস্থা চালু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

ডিএমপি জানায়, শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও সিগন্যাল পয়েন্টে স্থাপিত আধুনিক ক্যামেরা দিয়ে লালবাতি অমান্য, উল্টো পথে চলাচল, অবৈধ পার্কিং, স্টপ লাইন অতিক্রমসহ বিভিন্ন ট্রাফিক লঙ্ঘন শনাক্ত করা হবে। এরপর স্বয়ংক্রিয়ভাবে (অটো জেনারেটেড) মামলা তৈরি হয়ে গাড়ির মালিকের ঠিকানায় নোটিশ পাঠানো হবে।

ডিএমপি ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আনিছুর রহমান জানিয়েছেন, এই প্রক্রিয়ায় এখন থেকে ট্রাফিক আইন ভাঙলেই সরাসরি সিস্টেমে রেকর্ড হয়ে যাবে এবং ডাকযোগে নোটিশ পাঠানো হবে। জরিমানা নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ না করলে পরবর্তী ধাপে আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে।

নতুন ব্যবস্থায় ই-ট্রাফিক প্রসিকিউশন সফটওয়্যার ব্যবহার করা হচ্ছে। এর মাধ্যমে মামলা, জরিমানা ও নিষ্পত্তি সম্পূর্ণ ডিজিটালভাবে পরিচালনা করা হবে বলে জানিয়েছে পুলিশ।

ডিএমপি আরও জানিয়েছে, কিছু অসাধু চক্র এই সিস্টেমের নাম ব্যবহার করে প্রতারণার চেষ্টা করতে পারে। তাই কোনো আর্থিক লেনদেন বা ব্যক্তিগত তথ্য আদান-প্রদান না করার জন্য নাগরিকদের সতর্ক করা হয়েছে।

কর্তৃপক্ষ বলছে, এই প্রযুক্তির মূল লক্ষ্য হলো ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে আনা, যানজট কমানো এবং সড়কে শৃঙ্খলা নিশ্চিত করা।