সোমবার , ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

ড্রেসিংরুম বিতর্কে মুখ খুললেন নেইমার, বললেন— ‘যথেষ্ট মিথ্যাচার হয়েছে’

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৭ জুলাই, ২০২৬

সমালোচনা যেন পিছুই ছাড়ছে না ব্রাজিলিয়ান তারকা নেইমারের। অনুশীলন বাদ দিয়ে পোকার টুর্নামেন্টে অংশ নেওয়া নিয়ে সমালোচনার পর এবার ড্রেসিংরুমে সতীর্থদের সঙ্গে আচরণ নিয়ে নতুন বিতর্কে জড়িয়েছেন তিনি।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমের দাবি, শাপোকোয়েন্সের বিপক্ষে ২-২ গোলে ড্র হওয়া ম্যাচের বিরতিতে ড্রেসিংরুমে কয়েকজন তরুণ খেলোয়াড়কে কঠোর ভাষায় তিরস্কার করেন নেইমার। প্রতিবেদনে বলা হয়, তিনি গ্যাব্রিয়েল বোন্তেম্পোকে ‘বোকা’ বলে মন্তব্য করেন এবং জোয়াও আনানিয়াসের পারফরম্যান্স নিয়েও প্রশ্ন তোলেন। এতে দলের ভেতরে অসন্তোষ তৈরি হয়েছে বলেও দাবি করা হয়।

তবে এসব অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন নেইমার। ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, কোনো নির্দিষ্ট খেলোয়াড়কে নয়, পুরো দলকেই উদ্দেশ্য করে কথা বলেছেন।

নেইমারের ভাষায়, “ড্রেসিংরুমে তরুণ খেলোয়াড়দের আমি তিরস্কার করেছি—এমন খবর সম্পূর্ণ মিথ্যা। যারা এসব লিখছেন, তারা মিথ্যা প্রচার বন্ধ করুন।”

তিনি আরও বলেন, “ড্রেসিংরুমে সবাই কথা বলেছে। জয়ের জন্য লড়াই করা একটি দলের মধ্যে এমন আলোচনা স্বাভাবিক। কিন্তু কোনো তরুণ খেলোয়াড়কে আলাদা করে অপমান বা তিরস্কার করা হয়নি।”

গুঞ্জন ছড়ানো নিয়ে ক্ষোভ প্রকাশ করে ব্রাজিলিয়ান তারকা বলেন, “যথেষ্ট মিথ্যাচার হয়েছে। যারা এসব বিদ্বেষপূর্ণ ও ভিত্তিহীন খবর ছড়ায়, তারা ফুটবল বোঝে না এবং কখনো একটি দলের অংশও ছিল না।”

এদিকে ম্যাচে দুই গোল করলেও বিতর্ক থেকে মুক্ত থাকতে পারেননি নেইমার। গোল উদযাপনে পোকার খেলার ভঙ্গি করে সমালোচকদের জবাব দেন তিনি। পরে প্রতিপক্ষের দুই খেলোয়াড়কে ধাক্কা দেওয়ায় হলুদ কার্ড দেখেন। ফলে পরবর্তী ম্যাচে নিষেধাজ্ঞার কারণে খেলতে পারবেন না এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।