শুক্রবার , ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১০ই সফর, ১৪৪৮ হিজরি

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৪৫০

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

দেশে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৪৫০ জন ডেঙ্গু রোগী।

বৃহস্পতিবার (২৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ১৯৫ জন, ময়মনসিংহে ১৯ জন, চট্টগ্রামে ৫১ জন, খুলনায় ৬৬ জন, রাজশাহীতে ১১ জন, রংপুরে ৪৪ জন এবং বরিশাল বিভাগে ৬৪ জন রয়েছেন।

চলতি বছরের ২৩ জুলাই পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১২ হাজার ২০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে ১০ হাজার ৯১১ জন রোগী সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।

এদিকে, চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ জনে। এর আগে ২০২৫ সালে দেশে মোট এক লাখ ২ হাজার ৮৬১ জন ডেঙ্গু আক্রান্ত হন এবং মৃত্যু হয় ৪১৩ জনের।