বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ডিএমপির প্রসিকিউশন বিভাগের ইন্সপেক্টর আসাদুজ্জামানের মৃত্যু, ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)-এর প্রসিকিউশন বিভাগে কর্মরত ইন্সপেক্টর মো. আসাদুজ্জামান মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান।

ডিএমপি সূত্রে জানা যায়, ইন্সপেক্টর আসাদুজ্জামান দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। উন্নত চিকিৎসার জন্য তাকে থাইল্যান্ডে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থাতেই তার মৃত্যু হয়।

ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেন। পরবর্তীতে উপপরিদর্শক (এসআই) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দিয়ে কর্মজীবন শুরু করেন এবং সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে ইন্সপেক্টর পদে উন্নীত হন।

তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার ছোট আজলদি গ্রামে।

সহকর্মীদের কাছে তিনি একজন সৎ, দায়িত্বশীল ও নিবেদিতপ্রাণ কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন। তার মৃত্যুতে পুলিশ বাহিনীতে শোকের ছায়া নেমে এসেছে।