আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বিদেশ থেকে ডাকযোগে পাঠানো প্রবাসী ভোটারদের ব্যালট বাংলাদেশে পৌঁছাতে শুরু করেছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল পর্যন্ত সাড়ে ২১ হাজারের বেশি প্রবাসীর পোস্টাল ব্যালট দেশে এসে পৌঁছেছে।
নির্বাচন কমিশনের ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত মোট ২১ হাজার ৫০৮টি পোস্টাল ব্যালট বাংলাদেশে এসেছে।
তিনি জানান, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশন বাংলাদেশ থেকে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২ জন প্রবাসীর কাছে পোস্টাল ব্যালট পাঠিয়েছিল। সর্বশেষ তথ্য অনুযায়ী, এর মধ্যে ৪ লাখ ৯৩ হাজার ৯২০ জন প্রবাসী ব্যালট গ্রহণ করেছেন এবং ৪ লাখ ২৫ হাজার ৭৮৮ জন ভোট প্রদান করেছেন। ভোট প্রদান শেষে সংশ্লিষ্ট দেশের ডাকঘরে জমা পড়েছে ৩ লাখ ৭০ হাজার ৩২২টি ব্যালট।
নির্বাচন কমিশন প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছে, ব্যালট গ্রহণের পর যত দ্রুত সম্ভব ভোট দিয়ে নিকটস্থ পোস্ট অফিসে জমা দেওয়ার জন্য। নিয়ম অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টার মধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার দপ্তরে ব্যালট পৌঁছাতে হবে। নির্ধারিত সময়ের পরে পৌঁছানো কোনো ব্যালট গণনায় অন্তর্ভুক্ত করা হবে না।
এবারই প্রথম ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে রেকর্ডসংখ্যক ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন। মোট ১৫ লাখ ৩৩ হাজার ভোটার এই পদ্ধতিতে ভোট দেওয়ার জন্য আবেদন করেছেন, যার অর্ধেকের বেশি প্রবাসী ভোটার।
প্রবাসীদের পাশাপাশি দেশের ভেতরে তিন শ্রেণির নাগরিক এই সুবিধা পাচ্ছেন—নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী এবং কারাগারে থাকা (আইনি হেফাজতে) ভোটাররা।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ওই দিনই সাধারণ ভোটের পাশাপাশি ডাকযোগে প্রাপ্ত পোস্টাল ব্যালটগুলো গণনা করবেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা।