রবিবার , ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১২ই সফর, ১৪৪৮ হিজরি

‘ডজন ডজন পারমাণবিক বোমার চেয়েও গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি’—ইরানের শীর্ষ উপদেষ্টা

প্রকাশিত হয়েছে- রবিবার, ১২ জুলাই, ২০২৬

হরমুজ প্রণালিকে ডজন ডজন পারমাণবিক বোমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা মহসেন রেজাই। একই সঙ্গে তিনি কৌশলগত এই জলপথ রক্ষায় ইরানের দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন।

রোববার (১২ জুলাই) ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম আইএসএনএর প্রতিবেদনে মহসেন রেজাই বলেন, “কৌশলগত এই জলপথ ডজন ডজন পারমাণবিক বোমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ এবং ইসলামি প্রজাতন্ত্র ইরান এটি রক্ষা করবে।”

পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরে ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ তুলে আসলেও তেহরান বরাবরই দাবি করে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত।

মহসেন রেজাই বলেন, হরমুজ প্রণালি ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। এটি দেশের নিরাপত্তা, প্রতিরক্ষা সক্ষমতা এবং জাতীয় স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তিনি আরও বলেন, “হরমুজ প্রণালি একটি কৌশলগত প্রতিরোধব্যবস্থা হিসেবে কাজ করে। ইরান নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা ও জাতীয় শক্তির ওপর নির্ভর করেই দেশের নিরাপত্তা ও স্বার্থ নিশ্চিত করবে।”

এর আগে ইরানের সামরিক বাহিনী জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের প্রেক্ষাপটে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে বৈশ্বিক জ্বালানি পরিবহনের বড় অংশ সম্পন্ন হয়। ফলে এ পথ বন্ধ থাকায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে।

এদিকে রোববারও ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা অব্যাহত রয়েছে। ইরান উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালানোর পাশাপাশি হরমুজ প্রণালি পুনরায় বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।

অন্যদিকে, সাম্প্রতিক সংঘাতের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির সমাপ্তি ঘোষণা করলেও ইরানের সঙ্গে আলোচনার পথ এখনও খোলা রয়েছে বলে জানিয়েছেন।