বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

‘ঠাকুরগাঁও জেলা সমিতি, চট্টগ্রাম’র ইফতার মাহফিল ও কমিটি গঠন

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৪ মার্চ, ২০২৬

চট্টগ্রামে বসবাসরত ঠাকুরগাঁও জেলার বাসিন্দাদের নিয়ে গঠিত ‘ঠাকুরগাঁও জেলা সমিতি, চট্টগ্রাম’-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গত বৃহস্পতিবার (১২ মার্চ) চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের বাসভবনে আয়োজিত এক সাধারণ সভা ও ইফতার মাহফিলে সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত এই কমিটিতে চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ডক্টর মো. জিয়াউদ্দীন সভাপতি নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কল্লোল বড়ুয়া।

সভায় উপস্থিত সদস্যবৃন্দ উৎসবমুখর পরিবেশে ইফতার মাহফিলে অংশ নেন এবং ঠাকুরগাঁও জেলার উন্নয়ন ও প্রবাসে থাকা জেলার মানুষের পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করেন।

নবনির্বাচিত সভাপতি ডক্টর মো. জিয়াউদ্দীন তার বক্তব্যে সমিতির ভবিষ্যৎ কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করেন। অন্যদিকে, নবনির্বাচিত সাধারণ সম্পাদক তাকে নির্বাচিত করায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বিভাগীয় কমিশনার স্যারের দক্ষ দিকনির্দেশনায় আমরা এই সমিতিকে একটি মানবিক ও কল্যাণমুখী সংগঠন হিসেবে গড়ে তুলব। চট্টগ্রামের মাটিতে ঠাকুরগাঁওয়ের মানুষের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হিসেবে এটি কাজ করবে।

সংগঠনটিকে একটি মানবিক ও আদর্শ সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করতে তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন। নবগঠিত এই কমিটিকে অভিনন্দন জানিয়েছেন চট্টগ্রামে অবস্থানরত ঠাকুরগাঁও জেলার বিভিন্ন স্তরের পেশাজীবী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।