বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, চীনের সহযোগিতায় উন্নয়নের আশাবাদ ব্যক্ত করলেন মির্জা ফখরুল

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১২ জুন, ২০২৬

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের জন্য শিক্ষা সহায়তা কর্মসূচির অংশ হিসেবে স্কুলব্যাগ ও বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। শুক্রবার (১২ জুন) শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, চীনের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ক্রমেই আরও শক্তিশালী হচ্ছে। চীন আজ বিশ্বের অন্যতম প্রভাবশালী অর্থনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে এবং উন্নয়ন সহযোগী হিসেবে বাংলাদেশের বিভিন্ন অবকাঠামো ও শিক্ষা খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তিনি জানান, ঠাকুরগাঁওয়ের উন্নয়নে নতুন শিল্পকারখানা স্থাপন এবং বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে চীনা প্রতিনিধিদের সঙ্গে ইতোমধ্যে আলোচনা হয়েছে। আগামী কয়েক বছরের মধ্যে এ অঞ্চলে শিল্পায়নের নতুন সুযোগ সৃষ্টি হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

মির্জা ফখরুল শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, একটি জাতির অগ্রগতির মূল চাবিকাঠি হলো শিক্ষা। চীনের উন্নয়নের উদাহরণ তুলে ধরে তিনি শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে লেখাপড়া করার আহ্বান জানান এবং শিক্ষকদেরও দক্ষ ও যোগ্য নাগরিক গড়ে তোলার দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত এইচ.ই. ইয়াও ওয়েন, জেলা প্রশাসক রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সুধীজন উপস্থিত ছিলেন। এ সময় জেলার প্রায় সাড়ে ছয় হাজার শিক্ষার্থীর মাঝে স্কুলব্যাগ ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।