বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ট্রাম্পের হুমকির পর ইরানের কড়া বার্তা, ‘যেকোনো জবাব দিতে প্রস্তুত সেনারা’

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১২ মে, ২০২৬

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে উত্তেজনার মধ্যেই কঠোর অবস্থানের কথা জানিয়েছে ইরান। দেশটির পার্লামেন্ট স্পিকার বাঘের ঘালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্র যদি নতুন করে কোনো আগ্রাসন চালায়, তবে তার ‘উপযুক্ত জবাব’ দিতে ইরানের সশস্ত্র বাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে।

ইরানের সঙ্গে চলমান আলোচনা অচলাবস্থায় পৌঁছানোর পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার জেনারেলদের সঙ্গে বৈঠক করেন। পরে যুক্তরাষ্ট্রের কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ইরানকে নতুন চুক্তিতে বাধ্য করতে ওয়াশিংটন আবারও সামরিক হামলার বিষয়টি বিবেচনা করছে।

এ পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বাঘের ঘালিবাফ বলেন, ইরানের ১৪ দফা দাবির মধ্যেই দেশটির জনগণের অধিকার নিহিত রয়েছে এবং এসব দাবি মেনে নেওয়া ছাড়া যুক্তরাষ্ট্রের সামনে অন্য কোনো কার্যকর পথ নেই।

তিনি লিখেছেন, “যে কোনো নতুন আগ্রাসনের যথাযথ জবাব দিতে ইরান প্রস্তুত। ভুল কৌশল ও ভুল সিদ্ধান্ত সবসময় ভুল ফলাফল বয়ে আনে, আর পুরো বিশ্ব ইতোমধ্যে তা প্রত্যক্ষ করেছে।”

আরেক পোস্টে তিনি আরও বলেন, “আমরা যে কোনো কিছুর জন্য প্রস্তুত। তারা বিস্মিত হবে।”

ইরানের স্পিকার দাবি করেন, চাপ প্রয়োগ বা সামরিক হুমকির মাধ্যমে যুক্তরাষ্ট্র কাঙ্ক্ষিত ফল পাবে না। বরং এতে ধারাবাহিক ব্যর্থতা তৈরি হবে এবং দীর্ঘমেয়াদে মার্কিন জনগণের অর্থনৈতিক ক্ষতি বাড়বে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি অবস্থান আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলতে পারে।