কুমিল্লা–৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ জানিয়েছেন, তিনি ট্যাক্স ফ্রি ব্যক্তিগত গাড়ির সুবিধা চাননি; বরং সংসদ সদস্যদের দায়িত্ব পালনে সহায়তার জন্য সরকারি মালিকানাধীন গাড়ি ব্যবহারের প্রস্তাব দিয়েছেন।
বুধবার বিকেলে জাতীয় সংসদের অধিবেশনের ১৯তম দিনের পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “আমরা ট্যাক্স ফ্রি গাড়ি নেব না, প্লট সুবিধাও নেব না।” বরং অন্যান্য সরকারি কর্মকর্তাদের মতো এমপিদেরও দায়িত্ব পালনের জন্য একটি সরকারি গাড়ি বরাদ্দ দেওয়া যায় কি না, সে বিষয়টি তিনি সংসদে উত্থাপন করেছেন।
হাসনাত আবদুল্লাহ উল্লেখ করেন, বর্তমানে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদের চেয়ারম্যানসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা দায়িত্ব পালনের জন্য সরকারি গাড়ি পেয়ে থাকেন। একইভাবে সংসদ সদস্যদেরও একটি সরকারি গাড়ি দেওয়া হলে তা তাদের কার্যক্রম পরিচালনায় সহায়ক হবে।
তিনি আরও বলেন, প্রস্তাবিত এই গাড়ি হবে সম্পূর্ণ সরকারি মালিকানাধীন এবং এমপি হিসেবে দায়িত্ব পালনকালীন সময়েই কেবল এটি ব্যবহার করা যাবে। দায়িত্ব শেষ হলে গাড়িটি সরকারকে ফেরত দিতে হবে। এতে অতিরিক্ত আর্থিক চাপও সৃষ্টি হবে না বলে তিনি মনে করেন।
সংসদ সদস্যদের জন্য বর্তমানে গাড়ি রক্ষণাবেক্ষণ বাবদ প্রতি মাসে প্রায় ৭০ হাজার টাকা বরাদ্দ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, “গাড়ি না থাকলেও আমাদের এই ভাতা দেওয়া হচ্ছে, যা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।”
তিনি আরও স্পষ্ট করেন, আগের দিনের বক্তব্য নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে। তিনি কখনোই ট্যাক্স ফ্রি গাড়ির দাবি করেননি। বরং সংসদের অনেক সদস্য ইতোমধ্যে ট্যাক্স ফ্রি সুবিধা না নেওয়ার বিষয়ে ঐকমত্যে পৌঁছেছেন, যা একটি ইতিবাচক নজির হিসেবে উল্লেখ করেন তিনি।
এ প্রস্তাব বাস্তবায়িত হলে সংসদ সদস্যদের কাজের গতি বাড়বে এবং সরকারি সম্পদের ব্যবহার আরও সুশৃঙ্খল হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।