বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

টেলিকম খাতে করহার কমানোর উদ্যোগ, ১০০ টাকার রিচার্জে ৩৮ টাকা কর নিয়ে সমন্বয়ের চেষ্টা

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

দেশের টেলিকম ও আইসিটি খাতে বিদ্যমান উচ্চ করহার কমিয়ে একটি ভারসাম্যপূর্ণ কাঠামো তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদ

সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-এ আয়োজিত ‘ব্রডব্যান্ড এক্সপো ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, বর্তমানে টেলিকম খাতে করহার অনেক ক্ষেত্রে প্রায় ৩৮ শতাংশ পর্যন্ত, যা বিশ্বে অন্যতম বেশি।

তিনি জানান, ১০০ টাকা রিচার্জ করলে গ্রাহক কার্যত প্রায় ৬২ টাকার সেবা পান, বাকি অংশ কর হিসেবে কেটে নেওয়া হয়। এই চাপ কমিয়ে গ্রাহক সুবিধা বাড়ানো এবং একইসঙ্গে সরকারের রাজস্ব বজায় রাখার লক্ষ্যেই কাজ চলছে।

উপদেষ্টা আরও বলেন, দেশের ডিজিটাল অর্থনীতির জন্য শক্তিশালী কানেক্টিভিটি অত্যন্ত জরুরি। এজন্য একটি সমন্বিত ‘ন্যাশনাল ফাইবার ব্যাকবোন’ গড়ে তোলার পরিকল্পনা বিবেচনায় রয়েছে, যাতে নেটওয়ার্ক ব্যবস্থায় সমন্বয় আনা যায়।

তিনি আগামী পাঁচ বছরে আইসিটি খাতের উন্নয়নে তিনটি প্রধান দিকের ওপর জোর দেন—কানেক্টিভিটি, ডিজিটাল আইডি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-ভিত্তিক সেবা। এর মধ্যে ‘এক নাগরিক, এক ডিজিটাল আইডি’ বাস্তবায়নকে গুরুত্বপূর্ণ লক্ষ্য হিসেবে উল্লেখ করা হয়।

অনুষ্ঠানে আইএসপিএবি নেতারা এবং সরকারি-বেসরকারি বিভিন্ন খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।