বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে মিলল ডাকাতের গুলিবিদ্ধ মরদেহ

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে মিলল ডাকাতের গুলিবিদ্ধ মরদেহ
কক্সবাজারে টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প থেকে আব্দুর রহিম (৫০) নামে গুলিবিদ্ধ এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া নিবন্ধিত ক্যাম্পের বিকাশ মোড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন ১৬ এপিবিএনের নয়াপাড়া ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) সুশান্ত কুমার সরকার।

পুলিশ জানিয়েছে, নিহত আব্দুর রহিম একজন চিহ্নিত ডাকাত। তার বিরুদ্ধে ডাকাতিসহ নানা অভিযোগে একাধিক মামলা রয়েছে। তিনি হ্নীলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নয়াপাড়ার বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে।

১৬ এপিবিএনের নয়াপাড়া ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) সুশান্ত কুমার সরকার বলেন, সকালে ক্যাম্পের বিকাশ মোড় এলাকায় সড়কের পাশে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকার খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ অবস্থায় মরদেহটি উদ্ধার করে।

ডাকাতদলের অভ্যন্তরীণ কোন্দল অথবা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে বলে পুলিশের প্রাথমিক ধারণার কথা উল্লেখ করে সুশান্ত সরকার জানান, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ খোঁজখবর নিচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এর আগে গত ১০ জানুয়ারি একই ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নুর কামাল নামে এক রোহিঙ্গা সন্ত্রাসী নিহত হয়।