রবিবার , ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

টাঙ্গুয়ার হাওরের অভয়াশ্রমে টাকার বিনিময়ে মাছ ধরার অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের

প্রকাশিত হয়েছে- রবিবার, ৫ জুলাই, ২০২৬
আন্তর্জাতিকভাবে স্বীকৃত রামসার সাইট টাঙ্গুয়ার হাওরের সংরক্ষিত অভয়াশ্রমে অর্থের বিনিময়ে মাছ শিকারের সুযোগ করে দেওয়ার অভিযোগ উঠেছে নিরাপত্তার দায়িত্বে থাকা এক কমিউনিটি গার্ডের বিরুদ্ধে। এ অভিযোগের পক্ষে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে অর্থের বিনিময়ে রাতে মাছ ধরার বিষয়ে কথোপকথন শোনা যায়।

অভিযোগে নাম এসেছে টাঙ্গুয়ার হাওর কেন্দ্রীয় সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির কমিউনিটি গার্ড হবিব মিয়ার। তিনি একই সঙ্গে গোলাবাড়ি আনসার ক্যাম্পে নৌকার মাঝি হিসেবেও দায়িত্ব পালন করেন।

ভিডিওতে শোনা যায়, মধ্যনগরের এক জেলে তিনটি ইঞ্জিনচালিত নৌকা নিয়ে রাতে অভয়াশ্রমে খোনা জাল ফেলার অনুমতি চান। প্রথমে প্রতি নৌকার জন্য ৫০০ টাকা দাবি করা হলেও পরে দরদামের মাধ্যমে ৪০০ টাকায় সমঝোতার কথা হয়। আলোচনায় বিকাশের মাধ্যমে টাকা পাঠানোর বিষয়ও উঠে আসে। তবে শেষ পর্যন্ত অর্থ লেনদেন হয়েছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয়দের দাবি, ভিডিওতে শোনা কণ্ঠস্বর হবিব মিয়ার সঙ্গে মিলে যায়। তবে তিনি অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে বলেন, তাকে দায়িত্ব থেকে সরানোর উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এমন অপপ্রচার চালানো হচ্ছে।

স্থানীয় জেলেরা অভিযোগ করেছেন, রাতে অনেক সময় ইঞ্জিনচালিত নৌকা নিয়ে কিছু ব্যক্তি অভয়াশ্রমে প্রবেশ করে অবৈধভাবে মাছ শিকার করে। এতে মাছের প্রজনন ব্যাহত হচ্ছে এবং জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে।

এ বিষয়ে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান মানিক বলেন, টাঙ্গুয়ার হাওরে অর্থের বিনিময়ে মাছ ধরার কোনো বৈধ সুযোগ নেই। হাওরে নিয়মিত টহল ও নজরদারি চলছে। অভিযোগের বিষয়ে বিশ্বাসযোগ্য তথ্য পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, সুনামগঞ্জের তাহিরপুর ও মধ্যনগর উপজেলায় বিস্তৃত প্রায় ১২ হাজার ৬৫৫ হেক্টর আয়তনের টাঙ্গুয়ার হাওর ২০০০ সালে আন্তর্জাতিক গুরুত্বসম্পন্ন জলাভূমি হিসেবে রামসার সাইটের স্বীকৃতি পায়। একসময় ১৪১ প্রজাতির দেশীয় মাছের আবাসস্থল হিসেবে পরিচিত এই হাওরের জীববৈচিত্র্য বর্তমানে চোরাশিকার ও দুর্বল সংরক্ষণ ব্যবস্থার কারণে হুমকির মুখে রয়েছে।