বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

টাঙ্গাইলে বিচারকের সঙ্গে অসদাচরণ, মুচলেকা দিয়ে ছাড়া পেলেন বিএনপি নেতা

প্রকাশিত হয়েছে- সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

টাঙ্গাইলে আদালতে বিচারকের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে জেলা বিএনপির সাবেক সহসভাপতি জিয়াউল হক শাহীনকে আটক করা হয়। পরে নিজের ভুল স্বীকার করে মুচলেকা দেওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) বিকেলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এ ঘটনা ঘটে। আদালত সূত্রে জানা যায়, একটি মামলার বিষয়ে কথা বলতে গিয়ে বিচারক আ.ন.ম. ইলিয়াস-এর সঙ্গে সরাসরি যোগাযোগের চেষ্টা করেন শাহীন। এ সময় বিচারকের পিএর সঙ্গে কথা কাটাকাটি হয় এবং একপর্যায়ে তিনি দলীয় প্রভাব খাটানোর চেষ্টা করেন। পরে বিচারকের সঙ্গে অসদাচরণ করলে তাকে আটকের নির্দেশ দেওয়া হয়।

পুলিশ তাকে আটক করার পর বিএনপির নেতাকর্মীরা আদালত প্রাঙ্গণে উপস্থিত হন। পরে নিজের ভুল স্বীকার করে লিখিত মুচলেকা দিলে তাকে ছেড়ে দেওয়া হয়।

এ বিষয়ে জিয়াউল হক শাহীন বলেন, তিনি বিচারককে সহকারী ম্যাজিস্ট্রেট ভেবেছিলেন। ভুল বুঝতে পেরে দুঃখ প্রকাশ করেছেন বলেও জানান তিনি।

আদালত পরিদর্শক মো. সাজ্জাদ হোসেন বলেন, লিখিত মুচলেকা নেওয়ার পরই তাকে মুক্তি দেওয়া হয়েছে।