বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

টাঙ্গাইলে দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, ভাঙচুর ও অগ্নিসংযোগ

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

টাঙ্গাইলের ভূঞাপুর ও গোপালপুর উপজেলার দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় একজন নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যায় ভূঞাপুর উপজেলার জগৎপুরা এবং গোপালপুর উপজেলার গোল পেঁচা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন কালাম তালুকদার (৬৫)। তিনি জগৎপুরা গ্রামের বাসিন্দা এবং হাবিবুর রহমান তালুকদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দোকানে বাকি খাওয়াকে কেন্দ্র করে গত ২২ এপ্রিল দুই গ্রামের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। সেই বিরোধের জের ধরে বৃহস্পতিবার বিকেলে আবারও উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে ভাঙচুর ও কয়েকটি ঘরবাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।

সংঘর্ষে গুরুতর আহত হন কালাম তালুকদারসহ বেশ কয়েকজন। পরে তাদের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক কালাম তালুকদারকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে কয়েকজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ভূঞাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আসলাম উদ্দিন জানান, নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।