বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

জ্বালানি সাশ্রয়ে কঠোর নির্দেশনা: সকাল ৯টা–৯:৪০ অফিস কক্ষে বাধ্যতামূলক উপস্থিতি

প্রকাশিত হয়েছে- সোমবার, ৩০ মার্চ, ২০২৬

জ্বালানি সাশ্রয় ও অফিস শৃঙ্খলা জোরদারে নতুন নির্দেশনা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত নিজ নিজ অফিস কক্ষে বাধ্যতামূলকভাবে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (২৯ মার্চ) জারি করা এক অফিস আদেশে বলা হয়, এর আগে মন্ত্রিপরিষদ বিভাগ থেকেও এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছিল। নতুন করে তা বাস্তবায়নে আরও জোর দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার কমিয়ে আনতে হবে। এজন্য অফিস কক্ষের জানালা, দরজা বা ব্লাইন্ড খোলা রেখে সূর্যের আলো ব্যবহারে উৎসাহ দেওয়া হয়েছে। একই সঙ্গে অফিস চলাকালে প্রয়োজন অনুযায়ী সীমিত সংখ্যক লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার ও অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার করতে বলা হয়েছে।

এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার ওপরে নির্ধারণ করতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, অফিস কক্ষ ত্যাগ করার সময় সব ধরনের বৈদ্যুতিক সরঞ্জাম—যেমন লাইট, ফ্যান ও এসি—বন্ধ রাখা বাধ্যতামূলক করা হয়েছে।

অফিসের করিডর, সিঁড়ি ও ওয়াশরুমে অপ্রয়োজনীয় আলো ব্যবহার বন্ধ রাখতে বলা হয়েছে। অফিস সময় শেষে সব ধরনের বৈদ্যুতিক যন্ত্রপাতি—কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানারসহ—বন্ধ নিশ্চিত করার নির্দেশও দেওয়া হয়েছে। পাশাপাশি, সরকারি নির্দেশনা ছাড়া কোনো ধরনের আলোকসজ্জা না করার কথাও উল্লেখ রয়েছে।

জ্বালানি ব্যবহারে সর্বোচ্চ সাশ্রয় নিশ্চিত করার পাশাপাশি অফিসের সার্বিক পরিচ্ছন্নতা বজায় রাখার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। অফিস কক্ষ, করিডর, টয়লেট ও সিঁড়িসহ সব স্থানে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে বলা হয়েছে।

এ নির্দেশনা বাস্তবায়নে প্রতিটি দপ্তর, সংস্থা ও কার্যালয়ে ভিজিল্যান্স টিম (পরিদর্শন দল) গঠনের নির্দেশ দেওয়া হয়েছে, যারা নিয়মিত তদারকি করবে।