বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

জ্বালানি তেলে সংকট নেই, গুজবে আতঙ্কিত না হওয়ার আহ্বান তথ্যমন্ত্রীর

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৫ মার্চ, ২০২৬

দেশে এই মুহূর্তে জ্বালানি তেলের কোনো সংকট নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সরকারি পরিকল্পনা অনুযায়ী কার্যক্রম চললে জ্বালানি সংকটের আশঙ্কা নেই।

বুধবার (২৫ মার্চ) সরকারের এক মাস পূর্তি উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। রাজধানীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়–এর সভাকক্ষে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

মন্ত্রী বলেন, বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থার ওপর নির্ভরতার কারণে আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাব বাংলাদেশেও অনুভূত হচ্ছে। বিশেষ করে হরমুজ প্রণালি–কেন্দ্রিক বৈশ্বিক জ্বালানি পরিবহন পরিস্থিতি এতে ভূমিকা রাখছে।

তিনি অভিযোগ করেন, পূর্ববর্তী সরকারের সময়ে গ্যাস উত্তোলনে কার্যকর উদ্যোগ না নেওয়ায় জ্বালানি খাত আমদানি নির্ভর হয়ে পড়েছে। তবে বর্তমান সরকার দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে এবং এখন পর্যন্ত জ্বালানির মূল্য বৃদ্ধি করা হয়নি।

তথ্যমন্ত্রী আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বিভিন্ন গুজবের কারণে ‘প্যানিক বায়িং’ বা আতঙ্কিত হয়ে অতিরিক্ত জ্বালানি কেনার প্রবণতা দেখা যাচ্ছে, যা বাজারে অযথা চাপ সৃষ্টি করছে।

তিনি গণমাধ্যমকে এ বিষয়ে জনসচেতনতা তৈরির আহ্বান জানিয়ে বলেন, অপ্রয়োজনীয় আতঙ্ক এড়িয়ে স্বাভাবিকভাবে জ্বালানি ব্যবহার করলে পরিস্থিতি স্থিতিশীল থাকবে।

সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান উপস্থিত ছিলেন।