বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

“জ্বালানির সংকট নেই, আতঙ্কে কেনাকাটাই সমস্যা” — সরকারের দাবি

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই বলে আবারও জোর দিয়ে জানিয়েছে সরকার। পেট্রোল, অকটেন ও ডিজেলের পর্যাপ্ত মজুদ রয়েছে বলে নিশ্চিত করেছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মুখপাত্র মুনির হোসেন চৌধুরী

বৃহস্পতিবার (২ এপ্রিল) সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, “বাজারে যে অস্থিরতা দেখা যাচ্ছে, তা মূলত প্যানিক বায়িং এবং অবৈধ মজুতের কারণে। সরবরাহে কোনো ঘাটতি নেই।”

তিনি জানান, অবৈধ মজুত রোধে সরকার নিয়মিত অভিযান পরিচালনা করছে। গত ৩ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত অভিযানে প্রায় ৩ লাখ ৭২ হাজার ৩৮৮ লিটার অবৈধ জ্বালানি উদ্ধার করা হয়েছে।

বর্তমানে দেশে দৈনিক প্রায় ১২০০ মেট্রিক টন পেট্রোল এবং ১৪০০ মেট্রিক টন ডিজেল এর চাহিদা থাকলেও সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।

এছাড়া দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি-র জন্য নতুন করে অপরিশোধিত তেল নিয়ে জাহাজ আসছে, যা মজুত পরিস্থিতিকে আরও শক্তিশালী করবে।

কৃষকদের ডিজেল সরবরাহ নিশ্চিত করতে জেলা প্রশাসকদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান জ্বালানি বিভাগের এই মুখপাত্র।

অন্যদিকে, রাশিয়া থেকে তেল আমদানির বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পাঠানো চিঠির জবাবের অপেক্ষায় রয়েছে সরকার।

বিশ্লেষকদের মতে, বাজারে আতঙ্ক কমাতে এবং সরবরাহ ব্যবস্থায় আস্থা ফিরিয়ে আনতে কার্যকর নজরদারি ও স্বচ্ছতা বজায় রাখা এখন অত্যন্ত জরুরি।