বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

জেন-জিকে স্বাধীন থাকতে আহ্বান পার্থর, সংবিধান ও গণভোট প্রক্রিয়া নিয়ে প্রশ্ন

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে “ইউনিক” উল্লেখ করে তরুণ প্রজন্মকে কোনো নির্দিষ্ট রাজনৈতিক বলয়ে সীমাবদ্ধ না থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করতে হলে স্বাধীন ও সমালোচনামূলক অবস্থান জরুরি।

মঙ্গলবার (৩১ মার্চ) সংসদে বিধি-৬২ এর আওতায় আনা প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে পার্থ জুলাই আন্দোলনকে ঘিরে একক কৃতিত্ব নেওয়ার প্রবণতার সমালোচনা করেন। তার মতে, এ ধরনের মনোভাব জাতীয় ঐক্যের পথে বাধা তৈরি করছে।

বক্তব্যে তিনি বলেন, আন্দোলনের প্রতি তার কোনো আপত্তি নেই, তবে এর বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন রয়েছে। কেন একটি “রেভল্যুশনারি সরকার” গঠন না করে প্রচলিত ব্যবস্থার মধ্যেই পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে—তা নিয়েও তিনি প্রশ্ন তোলেন। পুরোনো সংবিধান বহাল রেখে সেটিকে বাতিল করার উদ্যোগকে তিনি অসংগত বলে মন্তব্য করেন।

সংবিধান সংস্কার প্রসঙ্গে পার্থ বলেন, পরিবর্তন আনা সম্ভব হলেও পুরো সংবিধান বাতিল করা প্রয়োজন নেই। একইসঙ্গে গণভোটের কাঠামো নিয়েও তিনি অসন্তোষ প্রকাশ করেন। তার অভিযোগ, ভোটারদের জন্য পর্যাপ্ত বিকল্প না রেখে সীমিত প্রশ্নে গণভোট আয়োজন করা হয়েছে, যা গণতান্ত্রিক চর্চার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

জুলাই আন্দোলনে বিভিন্ন পক্ষের অবদান তুলে ধরে তিনি বলেন, এই আন্দোলন কারও একার নয়; বরং সকলের সম্মিলিত প্রচেষ্টার ফল। কিন্তু পরবর্তীতে রাজনৈতিক মঞ্চে কিছু পক্ষ অন্যদের অবদান অস্বীকার করছে বলেও তিনি অভিযোগ করেন।

তরুণদের উদ্দেশে পার্থ বলেন, “আপনারা জেন-জি রিপ্রেজেন্ট করেন, জামায়াত জেনারেশন হয়েন না”—এর মাধ্যমে তিনি তরুণদের স্বাধীন চিন্তা ও বহুমাত্রিক রাজনৈতিক দৃষ্টিভঙ্গি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

বক্তব্যের শেষাংশে তিনি জাতীয় ঐক্যের ওপর জোর দিয়ে বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে বিভাজন নয়, বরং পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতাই হওয়া উচিত প্রধান লক্ষ্য। পাশাপাশি তিনি সংবিধান ও জুলাই সনদের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানান এবং যে কোনো অগণতান্ত্রিক পদক্ষেপের বিরুদ্ধে অবস্থান নেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।