বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

জুলাই সনদ বাস্তবায়ন না হলে কর্তৃত্ববাদী শাসনের ঝুঁকি বাড়বে: দিলারা চৌধুরী

প্রকাশিত হয়েছে- রবিবার, ৩ মে, ২০২৬

জুলাই সনদ বাস্তবায়ন না হলে দেশ আবারও কর্তৃত্ববাদী শাসনের পথে ফিরে যেতে পারে বলে সতর্ক করেছেন রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী। তিনি বলেন, প্রস্তাবিত সংস্কারগুলো কার্যকর না হলে ভবিষ্যতে পূর্ণাঙ্গ ফ্যাসিস্ট রাষ্ট্রব্যবস্থার ঝুঁকি তৈরি হতে পারে।

রোববার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট-এ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংস্কার বাস্তবায়ন কমিটির আয়োজিত জাতীয় কনভেনশনে তিনি এসব কথা বলেন।

দিলারা চৌধুরী বলেন, দীর্ঘদিনের রাজনৈতিক প্রভাব ও দলীয়করণের কারণে রাষ্ট্রীয় অনেক প্রতিষ্ঠান জনগণের সেবা দেওয়ার মূল দায়িত্ব থেকে সরে গিয়েছিল। বিশেষ করে নির্বাচন কমিশনসহ গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ক্ষমতায় টিকে থাকার হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, ২০২৪-পরবর্তী সময়ে এসব প্রতিষ্ঠানকে পুনরায় গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক কাঠামোয় ফিরিয়ে আনার আশা তৈরি হয়েছিল। কিন্তু বর্তমান সরকারের সাম্প্রতিক পদক্ষেপে সেই প্রত্যাশা ভেঙে যাচ্ছে।

তার অভিযোগ, নির্বাচনের দুই মাসের মাথায় জুলাই সনদে থাকা বিভিন্ন সংস্কার প্রস্তাব বাতিল বা উপেক্ষা করা হচ্ছে। মানবাধিকার কমিশন, দুর্নীতি দমন কমিশনসহ কয়েকটি প্রতিষ্ঠানের সংস্কার উদ্যোগও থমকে গেছে।

বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, বিচারক নিয়োগ স্বাধীন কমিটির মাধ্যমে হওয়ার কথা থাকলেও সেটি প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে। এতে বিচার বিভাগ নির্বাহী বিভাগের প্রভাবাধীন হয়ে পড়তে পারে।

তিনি আরও বলেন, রাষ্ট্র পরিচালনায় শক্তিশালী সরকার প্রয়োজন হলেও সেই ক্ষমতার ওপর কার্যকর ভারসাম্য ও নিয়ন্ত্রণ না থাকলে তা সহজেই কর্তৃত্ববাদে রূপ নিতে পারে।

দিলারা চৌধুরী রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, সরকারকে ভেতর-বাইরে থেকে চাপ সৃষ্টি করে জুলাই সনদ বাস্তবায়ন এবং বাতিল হওয়া অধ্যাদেশ পুনর্বহাল নিশ্চিত করতে হবে। না হলে দেশ আবারও পুরোনো শাসনব্যবস্থার দিকে ফিরে যেতে পারে।