জুলাই আন্দোলনের শহীদ পরিবারপ্রতি ন্যূনতম ১ কোটি টাকা আর্থিক সহায়তা দেওয়াসহ তিন দফা দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে শহীদ পরিবার, আহত যোদ্ধা ও আন্দোলনের সংগঠকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিও জানিয়েছে দলটি।
বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে এনসিপি ঢাকা মহানগর উত্তর আয়োজিত দোয়া অনুষ্ঠানে এসব দাবি তুলে ধরেন সংগঠনটির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।
তিনি বলেন, জুলাইয়ের শহীদ পরিবারগুলোকে সম্মানের সঙ্গে পুনর্বাসনের জন্য প্রতিটি পরিবারকে ন্যূনতম ১ কোটি টাকা প্রদান করে আর্থিক সংস্থাপনের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি শহীদ পরিবার, আহত আন্দোলনকারী ও আন্দোলনের সংগঠকদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।
এনসিপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরও বলেন, আন্দোলনের সময় যেসব গুরুত্বপূর্ণ স্থানে হতাহতের ঘটনা ঘটেছে, বিশেষ করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হটস্পট এলাকার চিকিৎসকদের সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে বিস্তারিত ডকুমেন্টেশন করতে হবে। এর মাধ্যমে আন্দোলনের প্রকৃত ঘটনা সংরক্ষণ করা সম্ভব হবে।
দোয়া অনুষ্ঠানে এনসিপির নেতারা জুলাই আন্দোলনে নিহতদের স্মরণ করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।
এনসিপি ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক নূর খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ও আলী আহসান জুনায়েদ, যুগ্ম সদস্য সচিব এসএম সাইফ মোস্তাফিজ ও মাহিন সরকার এবং জাতীয় ছাত্রশক্তির সিনিয়র যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি।
অনুষ্ঠানে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের সদস্যসচিব মাওলানা সানাউল্লাহ খান মোনাজাত পরিচালনা করেন।