বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

জুলাই গণহত্যার অন্যতম মাস্টারমাইন্ড জয় ও পলক: চিফ প্রসিকিউটর

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা-পুত্র সজীব ওয়াজেদ জয় এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জুলাই গণহত্যার অন্যতম মাস্টারমাইন্ড ছিলেন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে হত্যাযজ্ঞে সহযোগিতার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় জয় ও পলকের বিরুদ্ধে প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপন করা হয়।

চিফ প্রসিকিউটর বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে আন্দোলনকারী ছাত্রজনতার ওপর ব্যাপক গণহত্যা চালানো হয়। এর মাস্টারমাইন্ডদের মধ্যে অন্যতম ছিলেন জয় ও পলক, কারণ তারা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতের দায়িত্বে ছিলেন। আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ করে দিয়ে গণহত্যা সংঘটনে সর্বাত্মক সহযোগিতা করা হয়েছে বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, গণহত্যায় সহায়তার বিষয়ে তৎকালীন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে শলাপরামর্শ করেছেন পলক। মামলায় সংশ্লিষ্ট ষড়যন্ত্র ও পরিকল্পনার বিভিন্ন প্রমাণাদি আদালতে উপস্থাপন করা হয়েছে বলে জানান তিনি।

চিফ প্রসিকিউটরের দাবি, ইন্টারনেট বন্ধের মাধ্যমে বিশ্ববাসীর কাছ থেকে গণহত্যার খবর আড়াল করার চেষ্টা করা হয়েছিল। এছাড়া হত্যাকাণ্ডের পরিকল্পনায় সরাসরি অংশগ্রহণের অভিযোগও আনা হয়েছে।

আগামী ২৫ ফেব্রুয়ারি এ মামলায় সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে বলে তিনি জানান।