বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

জুলাই আন্দোলনে উড়ানো সেই জাতীয় পতাকা তারেক রহমানকে উপহার দিলেন ছাত্রদলকর্মী মুত্তাকিন

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানকে জাতীয় পতাকা উপহার দিয়েছেন ছাত্রদলকর্মী মুত্তাকিন। ছাত্র-জনতার আন্দোলনের সময় গত জুলাই মাসে যাত্রাবাড়ীর কাজলা ফ্লাইওভারে উড়ানো সেই আলোচিত জাতীয় পতাকাই তিনি তারেক রহমানের হাতে তুলে দেন।

ছাত্র আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই যাত্রাবাড়ীর কাজলা ফ্লাইওভারের ওপর খোলা বুকে দাঁড়িয়ে জাতীয় পতাকা ওড়ান মুত্তাকিন। সে সময় তোলা ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার জন্ম দেয়। আন্দোলনের প্রতীক হয়ে ওঠা সেই জাতীয় পতাকাটি সংরক্ষণ করে পরে বিএনপি চেয়ারম্যানের কাছে উপহার হিসেবে তুলে দেওয়া হয়।

শনিবার বিকেলে গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে আনুষ্ঠানিকভাবে পতাকাটি হস্তান্তর করেন মুত্তাকিন। এ সময় তারেক রহমান তাকে ধন্যবাদ জানান এবং আন্দোলনে ছাত্রদের ভূমিকার প্রশংসা করেন।

পতাকা হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরসহ সংগঠনের শীর্ষ নেতারা।

রাজনৈতিক অঙ্গনে জুলাইয়ের আন্দোলনের স্মারক হিসেবে এই পতাকা উপহারকে তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে।