বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

জুলাইয়ের চেতনায় রাষ্ট্র গঠন চলছে: অ্যাটর্নি জেনারেল কাজল

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

ঝিনাইদহে স্থানীয় সুধীজনদের সঙ্গে মতবিনিময় শেষে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও বিচারিক প্রসঙ্গে বক্তব্য দিয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়েই দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার উত্থান হয়েছে এবং বর্তমান সরকার সেই চেতনার বাস্তব প্রতিফলন।

শুক্রবার (১০ এপ্রিল) সকালে কোটচাঁদপুর পাইলট হাইস্কুল মাঠ এ আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি আরও জানান, জুলাই আন্দোলনের ধারাবাহিকতায় রাষ্ট্র পুনর্গঠনের যে প্রত্যাশা তৈরি হয়েছে, তা পূরণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং ইতোমধ্যে জুলাই যোদ্ধাদের সুরক্ষায় নীতিমালাও প্রণয়ন করা হয়েছে।

শহিদ আবু সাইদ হত্যা মামলার রায় নিয়ে তিনি বলেন, ট্রাইব্যুনাল সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে রায় দিয়েছেন এবং আইনের দৃষ্টিতে সংক্ষুব্ধ পক্ষের আপিলের সুযোগ রয়েছে। তিনি সবাইকে আদালতের প্রতি আস্থা রাখার আহ্বান জানান।

বিচার বিভাগের স্বাধীনতা প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার বিষয়ে সরকার দৃঢ় অবস্থানে রয়েছে। এ বিষয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্ট এ চলমান আপিল নিষ্পত্তির মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে তিনি জানান।

সভায় সভাপতিত্ব করেন কোটচাঁদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক। এছাড়া উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট একরামুল আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

তিনি আরও বলেন, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি এবং সরকার সেই লক্ষ্যেই কাজ করছে।