বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

জুয়েলারি সেবায় ভরিপ্রতি ২,৫০০ টাকা সুনির্দিষ্ট ভ্যাটের প্রস্তাব

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

জুয়েলারি খাতে কর ব্যবস্থাকে আরও সহজ ও স্বচ্ছ করতে জুয়েলারি সেবার বিপরীতে বিদ্যমান ৫ শতাংশ ভ্যাটের পরিবর্তে প্রতি ভরি স্বর্ণের ওপর ২ হাজার ৫০০ টাকা সুনির্দিষ্ট ভ্যাট নির্ধারণের প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনকালে তিনি এ প্রস্তাব তুলে ধরেন।

অর্থমন্ত্রী বলেন, ক্ষুদ্র ও খুচরা ব্যবসায়ীদের কর পরিশোধ প্রক্রিয়া সহজ করতে সরকার নতুন কর কাঠামো প্রণয়নের উদ্যোগ নিয়েছে। ব্যবসার ধরন, অবস্থান ও আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে সীমিত পরিসরে ফ্ল্যাট রেটে সুনির্দিষ্ট টার্নওভার কর চালুর প্রস্তাব করা হয়েছে।

তিনি জানান, এ ব্যবস্থার ফলে করদাতারা হয়রানিমুক্ত ও স্বচ্ছ পদ্ধতিতে কর পরিশোধ করতে পারবেন। একই সঙ্গে কর প্রদানে আগ্রহ বৃদ্ধি পাবে এবং কর ব্যবস্থার প্রতি জনগণের আস্থা আরও সুদৃঢ় হবে।

‘গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা’ প্রতিপাদ্যে প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। এর বিপরীতে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। ফলে বাজেট ঘাটতি দাঁড়িয়েছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা।

সরকার এই ঘাটতি পূরণে বৈদেশিক ঋণ ও অনুদান থেকে ১ লাখ ১৬ হাজার কোটি টাকা এবং অভ্যন্তরীণ উৎস থেকে ১ লাখ ২৭ হাজার কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা করেছে। অভ্যন্তরীণ উৎসের মধ্যে ব্যাংক ব্যবস্থা থেকে ১ লাখ ১২ হাজার কোটি টাকা এবং সঞ্চয়পত্র ও অন্যান্য উৎস থেকে ১৫ হাজার কোটি টাকা সংগ্রহ করা হবে।

বাজেটে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) আকার ৬৮ লাখ ৩০ হাজার ২৪ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ৬ দশমিক ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।