বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ, দুই দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ ১৯ জানুয়ারি। এ উপলক্ষ্যে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

রোববার (১৮ জানুয়ারি) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানান। তিনি বলেন, জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে ১৯ জানুয়ারি বেলা ১১টায় শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যসহ সব স্তরের নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন।

পরদিন ২০ জানুয়ারি বেলা ১১টায় রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের পাশাপাশি দেশের বরেণ্য ব্যক্তিরা বক্তব্য দেবেন।

এ ছাড়া জন্মবার্ষিকীর দিন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের দলীয় কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন করা হবে। পাশাপাশি বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর উদ্যোগে জেলা, মহানগর, উপজেলা, থানা ও বিভিন্ন ইউনিট পর্যায়ে স্থানীয় সুবিধা অনুযায়ী আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, জিয়াউর রহমান ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলী উপজেলার বাগমারা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লবের মাধ্যমে রাষ্ট্রক্ষমতার কেন্দ্রে আসেন এবং ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেন। তার নেতৃত্বে বিএনপি তিনবার রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হয়।

জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বাণীতে তাকে একজন স্বপ্নদ্রষ্টা রাষ্ট্রনায়ক হিসেবে উল্লেখ করে গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, মহান স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধে জেড ফোর্সের অধিনায়ক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক হিসেবে শহীদ জিয়ার অবদান বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয়।

ফখরুল বলেন, স্বাধীনতার পর দেশের ক্রান্তিকালে জিয়াউর রহমান রাষ্ট্রনায়ক হিসেবে দায়িত্ব নিয়ে গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা ও অর্থনৈতিক পুনর্গঠনের পথে দেশকে এগিয়ে নেন। কৃষি বিপ্লব, খাল খনন, গণশিক্ষা কার্যক্রমসহ বিভিন্ন উদ্যোগের মাধ্যমে তিনি দেশকে স্বনির্ভর করার ভিত্তি স্থাপন করেন।

তিনি শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার আদর্শ অনুসরণ করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানান।