জামায়াত সরকার গঠন করলে সব ধর্মের মানুষ নিরাপদ থাকবে: খন্দকার মুহা:আব্দুর রাকিব
বাংলাদেশ জামায়াতে ইসলামী সরকার গঠন করলে দেশের সব ধর্ম ও বর্ণের মানুষ নিরাপদ থাকবে বলে মন্তব্য করেছেন নওগাঁ জেলা জামায়াতের আমীর ও জামায়াত মনোনীত এমপি প্রার্থী খন্দকার মুহা:আব্দুর রাকিব।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর ইউনিয়নের মঞ্জিলতলা বাজারে ১১ দলীয় জোটের উদ্যোগে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খন্দকার মুহা:আব্দুর রাকিব বলেন, জনগণের ভোটাধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। চাঁদাবাজি ও দখলদারিত্বের রাজনীতি আর চলতে দেওয়া হবে না। ইনশাআল্লাহ, কোনো চাঁদাবাজ ও দখলবাজকে ক্ষমতায় যেতে দেওয়া হবে না।
জনসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রসাদপুর ইউনিয়নের আমীর আব্দুস সালাম। উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ইলিয়াস খানের সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন নওগাঁ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা মোস্তফা আল আমিন, এনসিপি নওগাঁ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা, সদস্য আব্দুল হামিদ, জেলা কর্মপরিষদ সদস্য গোলাম কিবরিয়া, বাংলাদেশ খেলাফত মজলিস মান্দা উপজেলা সভাপতি মুফতি মাওলানা মাহমুদুল হাসান, মান্দা উপজেলা জামায়াতের আমীর ডা. আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম, মান্দা সদর ইউনিয়নের চেয়ারম্যান ডা. তোফাজ্জল হোসেন, যুব বিভাগের সভাপতি আব্দুল মালেক এবং ইসলামী ছাত্রশিবির কুষ্টিয়া শহর শাখার অফিস সম্পাদক আমানুল্লাহ আমান প্রমূখ।