পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এবারের ঈদযাত্রায় যাত্রীদের চাপ বেড়েছে, তবে পরিবহন খাতে পর্যাপ্ত প্রস্তুতি ও তদারকি নেই বলে মন্তব্য করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি একই সঙ্গে অতিরিক্ত ভাড়া আদায় ও সড়কে চাঁদাবাজি বন্ধে পদক্ষেপ নেওয়ার দাবি তুলেছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই অভিযোগ তুলে জানান, প্রতিবছরের মতো এবারও ঈদকে সামনে রেখে যাত্রী চাপ বেড়েছে, কিন্তু পরিবহন খাতে প্রয়োজনীয় সতর্কতা ও কার্যকর তদারকি নিশ্চিত করা হয়নি। ফলে যাত্রীদের সীমাহীন ভোগান্তি, অতিরিক্ত ভাড়া ও চাঁদাবাজি লক্ষ্য করা গেছে।
জামায়াতের পক্ষ থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদারের আহ্বান জানানো হয়েছে। মিয়া গোলাম পরওয়ার বলেন, ঈদযাত্রার বাকি দিন এবং ঈদের পর কর্মস্থলে ফেরার সময় ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। এছাড়া প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত জনবল মোতায়েন ও সংশ্লিষ্ট দপ্তরের মধ্যে সমন্বয় জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, রাজধানীর সদরঘাটে লঞ্চ সংঘর্ষে এক তরুণের মৃত্যু এবং বগুড়ার আদমদীঘিতে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে বহু যাত্রী আহত হওয়ায় জামায়াত গভীর শোক, দুঃখ ও উদ্বেগ প্রকাশ করেছে। একই সঙ্গে দুর্ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করা এবং দায়ীদের বিরুদ্ধে দৃশ্যমান ও কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।