মঙ্গলবার , ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ২২শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

জামায়াতের বিক্ষোভ সমাবেশ শুরু, লোকে লোকারণ্য পল্টন

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের অবিলম্বে মুক্তির দাবিতে ডাকা বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে। সমাবেশ ঘিরে লোকে লোকারণ্যে পরিণত হয়েছে পল্টন মোড়, বায়তুল মোকাররম, নাইটিঙ্গেল মোড়, কাকরাইল, জিরো পয়েন্ট ও প্রেসক্লাব এলাকা।

সোমবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় রাজধানীর পল্টন মোড়ে বিক্ষোভ সমাবেশ শুরু হয়।

বিশাল সমাবেশ ও বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। এ ছাড়া ঢাকা মহানগর ও দক্ষিণ জামায়াতসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। সমাবেশ শেষে জামায়াতে ইসলামীর আমিরের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

এর আগে ১৭ ফেব্রুয়ারি এক বিবৃতিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল সফল করতে নেতা-কর্মী ও সর্বস্তরের মানুষকে আহ্বান জানান সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

বিবৃতিতে তিনি বলেন, সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম ১৩ বছরেরও অধিক সময় ধরে কারাগারে আটক আছেন। তাকে বারবার রিমান্ডে নিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে। তিনি বেশ কয়েকবার গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাকে ন্যূনতম চিকিৎসা সেবাটুকুও দেওয়া হয়নি।

তিনি আরও বলেন, দেশবাসী আশা করেছিল যে, চরম জুলুম-নির্যাতনের শিকার এটিএম আজহারুল ইসলাম স্বৈরাচার মুক্ত বাংলাদেশে মুক্তিলাভ করবেন। কিন্তু অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের ৬ মাস ৯ দিন অতিবাহিত হওয়া সত্ত্বেও তাকে মুক্তি দেওয়া হয়নি।