ভোলার নিজ বাসভবন থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে মতপ্রকাশের অভিযোগে জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের কর্মী বিবি সাওদা (৩৭) গ্রেপ্তার হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামি। সংগঠনটি এটি নাগরিক অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর “নগ্ন হস্তক্ষেপ” বলে অভিহিত করেছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) এক বিবৃতিতে ঢাকা মহানগর দক্ষিণের মহিলা বিভাগের সেক্রেটারি আয়েশা সিদ্দিকা পারভীন বলেন, গত ৫ এপ্রিল রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভোলা সদর এলাকায় বিবি সাওদার বাসভবনে অভিযান চালিয়ে তাকে আটক করেছে। পরে তাকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আদালতে সোপর্দ করা হয়েছে।
আয়েশা সিদ্দিকা পারভীন অভিযোগ করেন, “একটি ফেসবুক পোস্টের কারণে গভীর রাতে একজন নারীকে আটক করা শুধু অমানবিকই নয়, এটি নাগরিক অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধের সুস্পষ্ট লঙ্ঘন।” তিনি আরও বলেন, স্বাধীন রাষ্ট্রে মতপ্রকাশের অধিকার নাগরিকের মৌলিক অধিকার। কিন্তু সাম্প্রতিক সময়ে ভিন্নমত দমনে যে প্রবণতা দেখা যাচ্ছে, তা দেশে ভয়ের সংস্কৃতি প্রতিষ্ঠার অপচেষ্টা মাত্র।
তিনি অবিলম্বে বিবি সাওদার নামে দায়ের করা মামলা প্রত্যাহার ও তার মুক্তির দাবি জানান। পাশাপাশি সরকারের প্রতি আহ্বান জানান, মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দেশের সচেতন নাগরিক সমাজ ও মানবাধিকার সংগঠনগুলোকে এ ধরনের ঘটনার বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্যও তিনি অনুরোধ করেন।