ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের গুরুত্বপূর্ণ মেরামত কাজ পরিচালনার জন্য সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে রাশিয়া ও ইউক্রেন। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএএইএ)-এর মধ্যস্থতায় শুক্রবার (৫ জুন) সকাল থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হয়।
আইএএইএ জানিয়েছে, ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি দীর্ঘদিন ধরে যুদ্ধের ঝুঁকির মধ্যে রয়েছে। যুদ্ধজনিত ক্ষয়ক্ষতি মেরামত এবং বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা পুনরুদ্ধারের লক্ষ্যে উভয় পক্ষের প্রযুক্তিবিদরা কাজ শুরু করবেন। সংস্থাটির মহাপরিচালক রাফায়েল গ্রোসি জানান, পারমাণবিক নিরাপত্তা নিশ্চিত করতেই এই অস্থায়ী যুদ্ধবিরতির উদ্যোগ নেওয়া হয়েছে।
২০২২ সালে যুদ্ধ শুরুর পর এটি আইএএইএ-এর মধ্যস্থতায় ষষ্ঠ অস্থায়ী যুদ্ধবিরতি। বিশেষজ্ঞরা মনে করছেন, পারমাণবিক দুর্ঘটনার ঝুঁকি কমাতে এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ।