বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

জাপানের হোক্কাইডোতে ৬.২ মাত্রার ভূমিকম্প, সুনামির শঙ্কা নেই

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে জাপান-এর উত্তরাঞ্চলীয় দ্বীপ হোক্কাইডো। স্থানীয় সময় সোমবার ভোর ৫টা ২৩ মিনিটে (বাংলাদেশ সময় রোববার রাত ৩টা ২৩ মিনিটে) এই ভূমিকম্পটি অনুভূত হয়।

জাপান আবহাওয়া দপ্তর (JMA) এবং যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল হোক্কাইডোর দক্ষিণাঞ্চলীয় শহর সাপ্পোরোর প্রায় ২০০ কিলোমিটার পূর্বে, ভূপৃষ্ঠের ৮৩ কিলোমিটার গভীরে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। একই সঙ্গে সুনামির কোনো আশঙ্কাও নেই বলে নিশ্চিত করেছে জাপানের আবহাওয়া দপ্তর।

তবে ভূমিকম্পের কারণে পাহাড়ি এলাকায় ভূমিধস ও বড় পাথর খসে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। এর মাত্র এক ঘণ্টা আগে একই অঞ্চলে আরও ৫ মাত্রার একটি ভূমিকম্পও অনুভূত হয়।

এর আগে গত সপ্তাহেই হোক্কাইডোর আইওয়াত জেলায় ৭.৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে, যা রাজধানী টোকিও পর্যন্ত অনুভূত হয়েছিল এবং এতে কয়েকজন আহত হন।

ভূতাত্ত্বিকভাবে প্রশান্ত মহাসাগরের ‘আগ্নেয় মেখলা’ অঞ্চলে অবস্থান করায় জাপান বিশ্বে অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। প্রায় ১২ কোটি ৫০ লাখ জনসংখ্যার এই দেশে বছরে গড়ে প্রায় ১,৫০০টি ভূমিকম্প হয়, যা বিশ্বের মোট ভূমিকম্পের প্রায় ১৮ শতাংশ।