বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

জাতীয় পার্টিসহ ১৪ দলের মনোনয়ন বাতিলের দাবিতে ইসিতে জুলাই ঐক্যের স্মারকলিপি

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬

জাতীয় পার্টি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল এবং জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের (এনডিএফ) প্রার্থীদের মনোনয়নপত্র বাতিলের দাবিতে নির্বাচন কমিশনে (ইসি) স্মারকলিপি দিয়েছে ‘জুলাই ঐক্য’। চব্বিশের গণ-অভ্যুত্থানের চেতনা ধারণকারী এই জোটের পক্ষ থেকে মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনারের বরাবর স্মারকলিপি জমা দেওয়া হয়।

নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ স্মারকলিপিটি গ্রহণ করেন। এর আগে আগারগাঁও মেট্রোরেল স্টেশন এলাকা থেকে নির্বাচন কমিশন অভিমুখে পদযাত্রা করেন জুলাই ঐক্যের নেতা-কর্মীরা। নির্বাচন ভবনের কাছাকাছি পৌঁছালে পুলিশ পদযাত্রায় বাধা দিলে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল কমিশনে প্রবেশ করে স্মারকলিপি জমা দেয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, চব্বিশের গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল সরকারের সময়ে দেড় হাজারের বেশি ছাত্র-জনতা নিহত হয়েছেন। সেই গণহত্যার সঙ্গে সংশ্লিষ্ট রাজনৈতিক শক্তির প্রার্থীদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ গণ-অভ্যুত্থানের চেতনার পরিপন্থী এবং অগ্রহণযোগ্য।

জুলাই ঐক্য আরও দাবি করে, প্রশাসনে এখনো স্বৈরাচারের দোসররা বহাল থাকায় নিরপেক্ষ নির্বাচন বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে নির্বাচনে সমান সুযোগ নিশ্চিত করা, অবৈধ অস্ত্র উদ্ধারে কার্যকর ব্যবস্থা, ভোটগ্রহণে বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার এবং সাম্প্রতিক হত্যাকাণ্ডগুলোর দ্রুত তদন্তের দাবি জানানো হয়।

দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে পরিস্থিতি অস্থিতিশীল হতে পারে বলেও সতর্ক করে জুলাই ঐক্য।