বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

জাতীয় নির্বাচন ও গণভোট সামনে রেখে ময়মনসিংহে সেনাপ্রধানের মতবিনিময় সভা

প্রকাশিত হয়েছে- রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ময়মনসিংহ সফর করেছেন। সফরকালে তিনি নির্বাচন ও গণভোটকে ঘিরে নিরাপত্তা প্রস্তুতি, আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং দায়িত্ব পালনে পেশাদারিত্ব বজায় রাখার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।

রোববার (১ ফেব্রুয়ারি) এই সফর অনুষ্ঠিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, সফরকালে সেনাবাহিনী প্রধান ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ঊর্ধ্বতন পর্যায়ের সামরিক কর্মকর্তা, বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অসামরিক প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় অংশ নেন। সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনা এবং আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের ওপর আলোচনা হয়।

সভায় সেনাবাহিনী প্রধান দায়িত্ব পালনের ক্ষেত্রে পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা ও ধৈর্য বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। পাশাপাশি জনগণের সঙ্গে দায়িত্ব পালনের সময় নাগরিকবান্ধব আচরণ নিশ্চিত করার নির্দেশনা দেন তিনি। নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে সব বাহিনী ও প্রশাসনের মধ্যে কার্যকর সমন্বয়ের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন সেনাপ্রধান।

এ ছাড়া সফরকালে জেনারেল ওয়াকার-উজ-জামান ময়মনসিংহের ত্রিশালে অলিম্পিক ভিলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় সংশ্লিষ্ট সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আইএসপিআর জানায়, আসন্ন নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে দেশব্যাপী নিরাপত্তা প্রস্তুতি জোরদার করার অংশ হিসেবে সেনাবাহিনীর এই ধরনের পরিদর্শন ও মতবিনিময় কার্যক্রম চলমান থাকবে।