বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৬ মার্চ, ২০২৬

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ঈদের দিন এখানে প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়।

সোমবার (১৬ মার্চ) জাতীয় ঈদগাহের সার্বিক প্রস্তুতি পরিদর্শন শেষে এ তথ্য জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন–এর প্রশাসক আবদুস সালাম

তিনি বলেন, জাতীয় ঈদগাহে প্রায় ৩৫ হাজার মুসল্লি একসঙ্গে ঈদের নামাজ আদায় করতে পারবেন। আবহাওয়া গরম থাকায় মুসল্লিদের স্বাচ্ছন্দ্যের কথা বিবেচনায় কিছু অংশে শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা করার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি পর্যাপ্ত ফ্যান ও আলোর ব্যবস্থাও রাখা হবে।

এছাড়া মুসল্লিদের জন্য পর্যাপ্ত ওজুখানা, মহিলাদের জন্য আলাদা প্রবেশপথ, ভ্রাম্যমাণ টয়লেট এবং প্রাথমিক চিকিৎসা সেবার ব্যবস্থাও রাখা হয়েছে বলে জানান তিনি।

প্রশাসক আরও বলেন, ঈদের দিন জাতীয় ঈদগাহে নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষে সার্বিক নিরাপত্তা ও প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

তিনি নগরবাসীকে নির্ধারিত সময়ে জাতীয় ঈদগাহে এসে ঈদের নামাজ আদায়ের আহ্বান জানান। একই সঙ্গে নিরাপত্তার স্বার্থে ঈদগাহে প্রবেশের সময় নির্দেশনা মেনে চলার এবং নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এমন কোনো বস্তু সঙ্গে না আনার অনুরোধ জানান।

এ সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।