বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

জাতিসংঘে উত্তপ্ত বিতর্ক: বিশেষ প্রতিনিধির পদত্যাগ দাবি ইসরায়েলি রাষ্ট্রদূতের

প্রকাশিত হয়েছে- শনিবার, ২০ জুন, ২০২৬

জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি প্রমিলা প্যাটেনের সঙ্গে প্রকাশ্য বিতর্কে জড়িয়েছেন জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন। শুক্রবার (১৯ জুন) নিউ ইয়র্কে অনুষ্ঠিত এক শুনানিতে শিশুদের ওপর সশস্ত্র সংঘাত এবং যৌন সহিংসতা বিষয়ক আলোচনার সময় এ উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সংঘাতপূর্ণ এলাকায় যৌন সহিংসতা নির্মূল বিষয়ক আন্তর্জাতিক দিবস উপলক্ষে আয়োজিত বৈঠকে ড্যানন প্রকাশ্যে প্রমিলা প্যাটেনের পদত্যাগ দাবি করেন। তিনি অভিযোগ করেন, ইসরায়েলের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট অবস্থান গ্রহণ করে জাতিসংঘের এই কর্মকর্তা দেশটিকে অন্যায়ভাবে কালোতালিকাভুক্ত করেছেন।

এ সময় জাতিসংঘ মহাসচিবের ভূমিকার সমালোচনা করে ড্যানন বলেন, ইসরায়েলকে লক্ষ্যবস্তু করার ক্ষেত্রে প্যাটেন মহাসচিবের অবস্থানের কাছে নতি স্বীকার করেছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বৈঠকে হস্তক্ষেপ করেন জাতিসংঘের বিশেষ দূত ভ্যানেসা ফ্রেজার। তিনি ড্যাননকে ব্যক্তিগত আক্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানান। তবে জবাবে ড্যানন তাকে চুপ থাকতে বলেন এবং মন্তব্য করেন, “আমরা একটি সদস্য রাষ্ট্র, আর আপনি জাতিসংঘের একজন কর্মচারী। তাই আপনি শান্ত হয়ে যান।”

উল্লেখ্য, ভ্যানেসা ফ্রেজার সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে সতর্ক করে বলেন, ফিলিস্তিনি শিশুদের বিরুদ্ধে অধিকার লঙ্ঘনের ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। একইসঙ্গে এ ধরনের কর্মকাণ্ডের জন্য কিছু ইসরায়েলি বসতি স্থাপনকারী গোষ্ঠীকে কালোতালিকাভুক্ত করার সম্ভাবনার কথাও উল্লেখ করা হয়।

ঘটনাটি জাতিসংঘের কূটনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং একে আন্তর্জাতিক কূটনৈতিক শিষ্টাচারের ব্যতিক্রমী লঙ্ঘন হিসেবে দেখছেন অনেক পর্যবেক্ষক।