গ্যাস নেটওয়ার্কের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে আজ বুধবার (২১ জানুয়ারি) দুপুর থেকে টানা পাঁচ ঘণ্টা নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পঞ্চবটি-মুক্তারপুর সেতু পর্যন্ত সড়ক সম্প্রসারণ ও দ্বিতল সড়ক নির্মাণ প্রকল্পের আওতায় পঞ্চবটি মোড় এলাকায় অবস্থিত প্রধান সিএনজি স্টেশনের সামনে ক্ষতিগ্রস্ত গ্যাস পাইপলাইন মেরামত ও প্রতিস্থাপন করা হবে। এ কাজের অংশ হিসেবে গ্যাস নেটওয়ার্কে জরুরি রক্ষণাবেক্ষণ প্রয়োজন হওয়ায় আজ দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট পাঁচ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।
এ সময়ে নারায়ণগঞ্জ শহর, মুন্সিগঞ্জ শহর, পঞ্চবটি, মুক্তারপুর, সিদ্ধিরগঞ্জ, মৌচাক, দেলপাড়া, পাগলা ও ফতুল্লাসহ আশপাশের এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তবে আদমজী ইপিজেড এলাকায় গ্যাস সরবরাহ স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস।
গ্যাস সরবরাহ বন্ধ থাকায় গ্রাহকদের সাময়িক ভোগান্তির জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করে দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছে।
গ্রাহকদের আগাম প্রস্তুতি নেওয়া এবং নিরাপত্তার স্বার্থে গ্যাস সংক্রান্ত যন্ত্রপাতি ব্যবহারে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।