জয়পুরহাটে শিশুদের মধ্যে হামের উপসর্গ নিয়ে উদ্বেগ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২ শিশুর শরীরে হামের লক্ষণ শনাক্ত হয়েছে, ফলে চলতি বছরে জেলায় মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০০ জনে।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, নতুন আক্রান্তদের মধ্যে ৭ জনকে ভর্তি করা হয়েছে জয়পুরহাট জেনারেল হাসপাতাল এ। এছাড়া পাঁচবিবি উপজেলায় ৩ জন এবং ক্ষেতলালে ২ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।
উপজেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, পাঁচবিবিতে সবচেয়ে বেশি ৩৪ জন রোগী পাওয়া গেছে। এরপর জয়পুরহাট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৩৩ জন। ক্ষেতলালে ১৬ জন, আক্কেলপুরে ৯ জন, কালাইয়ে ৫ জন এবং সদর উপজেলায় ৩ জন রোগী শনাক্ত হয়েছে। হাসপাতালটিতে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ২২ জন ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
ডা. আল মামুন জানান, এ বছর এখন পর্যন্ত ৪৯টি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে, যার মধ্যে ৩ জনের শরীরে ল্যাব রিপোর্টে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। তবে এখন পর্যন্ত জেলায় এ রোগে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
তিনি আরও জানান, পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে। বর্তমানে জেলায় প্রায় ৩০০ ভায়াল (১,৫০০ ডোজ) হামের টিকা মজুত রয়েছে এবং শিশুদের জন্য ভিটামিন ‘এ’ ক্যাপসুলও সংরক্ষণ করা হয়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হামের সংক্রমণ রোধে দ্রুত টিকাদান ও সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি।