বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

জয়পুরহাটে সড়ক ও রেল দুর্ঘটনায় দুইজনের মৃত্যু

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

জয়পুরহাটে সড়ক ও রেলপথে পৃথক দুটি দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ জুন) সকালে পাঁচবিবি ও আক্কেলপুর উপজেলায় এ মর্মান্তিক ঘটনাগুলো ঘটে।

নিহতরা হলেন পাঁচবিবি উপজেলার বালিঘাটা ইউনিয়নের নওদা গ্রামের বাসিন্দা রাশেদুল ইসলাম জনি (৪২) এবং পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার শাহাগড়া গ্রামের আবুল হোসেনের ছেলে আশরাফুল ইসলাম (২৩)।

পুলিশ সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে রাশেদুল ইসলাম মোটরসাইকেলে পাঁচবিবি বাজারের নাঙ্গলহাটি এলাকায় পৌঁছালে একটি মালবাহী ট্রাককে ওভারটেক করার চেষ্টা করেন। এ সময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যান এবং ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ মো. রায়হান জানান, দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা হলেও নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় পরে তা ছেড়ে দেওয়া হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

অন্যদিকে, সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস আক্কেলপুর স্টেশন ত্যাগ করার সময় প্ল্যাটফর্মের উত্তর পাশে রেললাইনের কাছে অবস্থান করছিলেন আশরাফুল ইসলাম। একপর্যায়ে তিনি ট্রেনের একটি বগির নিচে চলে গেলে চাকায় কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে। পরে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।