বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

জম্মু-কাশ্মিরের জোজিলা পাসে একাধিক তুষারধস, নিহত ৭

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৮ মার্চ, ২০২৬

জম্মু-কাশ্মির রাজ্যের শ্রীনগর ও লাদাখের লেহকে সংযুক্ত করা জাতীয় মহাসড়ক এনএইচ-১ এর জোজিলা পাস এলাকায় শুক্রবার বিকেলে একাধিক তুষারধস ঘটেছে। এতে অন্তত ৭ জন নিহত এবং আরও ৫ জন আহত হয়েছেন।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ধসগুলি জিরো পয়েন্ট থেকে মিনিমার্গের মধ্যবর্তী অংশে সংঘটিত হয়। এতে বেশ কয়েকটি যানবাহন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে।

জম্মু-কাশ্মিরের বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং সামাজিক যোগাযোগমাধ্যমে নিহত ও আহতের তথ্য নিশ্চিত করেছেন এবং হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

লাদাখের লেফটেন্ট গভর্নর বিনয় কুমার সাক্সেনা বলেছেন, তিনি নিজে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। নিকটবর্তী কারগিল জেলার জেলাপ্রশাসক এবং সিনিয়র সুপারিন্টেডেন্ট অব পুলিশকে (এসএসপি) উদ্ধারকারী দল পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

উদ্ধারকারী দল ধসের কারণে মহাসড়কে জমে থাকা বিপুল পরিমাণ তুষার ও পাথর সরাতে বিশেষ চেষ্টা চালাচ্ছে। আহতদের প্রয়োজনীয় চিকিৎসা এবং সহায়তা প্রদান করা হচ্ছে।