রবিবার , ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

জমে থাকা বৃষ্টির পানিতে পড়ে শিশুর মৃত্যু

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় জমে থাকা বৃষ্টির পানিতে পড়ে আরমান হোসেন নাঈম নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জোড়খালি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আরমান বুড়িরচর ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আমির হোসেনের ছেলে।

আরমানের চাচা আহসান হাবিব বলেন, ছেলেটা খুব হাসিখুশি ছিল। সকালে হাঁটতে বের হলে তারপর আর তার খবর পাওয়া যায়নি। অনেক খোঁজাখুঁজির পর তাকে জমে থাকা বৃষ্টির পানিতে পড়ে থাকতে দেখা যায়। তারপর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আরমানকে মৃত ঘোষণা করেন।

ওই শিশুর বাবা আমির হোসেন বলেন, আমার ছেলে আমাদের রেখে দুনিয়া ছেড়ে চলে গেছে। আমরা কিছুই করতে পারিনি। জানাজা শেষ করে তাকে মাত্র বিদায় দিয়ে আসলাম। আল্লাহ তাকে জান্নাতবাসী করুক।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিসান আহমেদ বলেন, কেউ আমাদের কাছে বিষয়টি জানাননি। আপনার কাছ থেকে জানতে পারলাম। বৈরী পরিবেশে সবার একটু সাবধান থাকা দরকার।